সব সংবাদ
জাতীয়

মন্ত্রীদের অনুপস্থিতিতে স্পিকারের কড়া সমালোচনা: সংসদ অধিবেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ

জাতীয় সংসদে মন্ত্রীদের উপস্থিতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। বিরোধীদলীয় নেতাও মন্ত্রীদের অনুপস্থিতির বিষয়টি সংসদে উত্থাপন করেছেন।

জাতীয় সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে এই বিষয়টি উত্থাপন করেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। জবাবে স্পিকার বলেন, সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশন সবচেয়ে বেশি গুরুত্ব পায়। কোনো রাষ্ট্রীয় কাজ এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়।

বাজেট অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে সংসদ সদস্যরা বক্তব্য দেন। এই কারণে সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিত থেকে সেসব বক্তব্য শোনা এবং প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন স্পিকার। তিনি সরকারদলীয় চিফ হুইপকে উদ্দেশ্য করে বলেন, মাননীয় মন্ত্রীদের যেন তারা সংসদে যথাসময় আসে।

এদিন বিকাল ৩টায় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও কয়েক মিনিট দেরিতে শুরু হয়। সাড়ে ৩টা পর্যন্ত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনকে দেখা যায়নি।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান আরও বলেন, অনেক সময় যে মন্ত্রণালয় নিয়ে আলোচনা হচ্ছে, সেই মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি কক্ষে উপস্থিত থাকেন না। এই অনুপস্থিতি সংসদের পরিবেশের সঙ্গে যায় কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

এছাড়াও সংসদ চলাকালে সদস্যদের ছোট ছোট দলে আলোচনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। স্পিকারও সংসদ কক্ষে ছোট ছোট গ্রুপে কথাবার্তা চলতে দেখেন বলে জানান।

অন্যদিকে, সংসদ সদস্য, মন্ত্রী এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যোগাযোগের তথ্যসম্বলিত ডাইরেক্টরি এখনও প্রকাশ হয়নি। এই বিষয়টিও সংসদে আলোচনায় এসেছে।