সব সংবাদ
জাতীয়

ফরিদপুরে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, ডিবির ওসি প্রত্যাহার

ফরিদপুরের মধুখালীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে এক যুবকের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ওসিকে প্রত্যাহার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, পুলিশ তাদের সামনে ওই যুবককে মারধর করেছিল।

ফরিদপুরের মধুখালী এলাকায় ডিবি পুলিশের হেফাজতে মির্জা ইশতিয়াক আহমেদ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পর ডিবি ফরিদপুর সদর জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপার মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে তাকে দুপুর ১টার মধ্যে ফরিদপুর পুলিশ লাইনসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিহত ইশতিয়াক মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া এলাকার বাসিন্দা এবং ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন। তার পরিবারের অভিযোগ, গত শনিবার বিকেল ৫টার দিকে ডিবি পুলিশ তাকে আটক করে এবং তার মায়ের সামনে তাকে মারধর করা হয়। পরদিন রোববার সকাল ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করেন এবং প্রায় ৪০ মিনিট ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এছাড়া, উপজেলা বিএনপির নেতারা এই ঘটনাকে 'হত্যাকাণ্ড' হিসেবে আখ্যায়িত করে জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার দাবি জানান।