নিষিদ্ধ দলের বিষয়ে কথা বলা উচিত নয়, আলোচনা সেতুমন্ত্রীর
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জনগণ যে দলকে প্রত্যাখ্যান করেছে সেই দল নিষিদ্ধ হওয়ায় কোনো আশ্চর্যনেই। তিনি মনে করেন, নিষিদ্ধ বিষয় নিয়ে আলোচনা করা শ্রেয় নয়।
মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গলগলিয়া এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এরপর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রসঙ্গে মন্তব্য করেন। মন্ত্রী বলেন, একসময় একটি রাজনৈতিক দল ছিল, কিন্তু তারা জনগণের প্রতিপক্ষ হয়ে কাজ করতে গিয়ে শেষ পর্যন্ত জনগণ কর্তৃক বর্জিত হয়েছে এবং নিষিদ্ধ হয়েছে। জাতি নিষিদ্ধ চেয়েছে বলেই দলটি নিষিদ্ধ হয়েছে। জনগণ রাজনৈতিক দলের বৈধতা দেয় এবং এখন সেই জনগণই তাদের নিষিদ্ধ করেছে এবং আইনও তাদের নিষিদ্ধ করেছে। অতএব নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে কথা না বলাই শ্রেয়। এদিকে, মন্ত্রী আরও জানান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে যে জায়গাগুলো আছে সেগুলো চিহ্নিত করা হচ্ছে। তিন একরের বেশি জায়গা থাকলে সেখানে সোলার স্থাপন করে মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে এবং স্থানীয়ভাবে ব্যবহারের পাশাপাশি জাতীয় গ্রিডেও সরবরাহ করা যাবে।