সংসদে স্পিকারের বক্তব্য: মির্জা আব্বাসের স্বাস্থ্য ক্রমাগত ভালো হচ্ছে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি আরও বলেন, মির্জা আব্বাস সুস্থ হলে সংসদে আসবেন।
জাতীয় সংসদের অধিবেশনে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। এর জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মির্জা আব্বাস তাদের চিঠি দিয়ে জানিয়েছেন যে তার অবস্থা ক্রমাগত ভালো হচ্ছে এবং তিনি সুস্থ হলেই সংসদে আসবেন। এসময় এমপি শফিকুল ইসলাম মাসুদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারককে নিয়ে যে গুজব আছে সে বিষয়ে জানতে চেয়েছিলেন। স্পিকার বলেন, গুজব নিয়ে আদালতে নষ্ট করা যাবে না এবং আদালতে বিচারাধীন বিষয় সংসদে আলোচনা করা যায় না। তিনি আরও বলেন, কোনো সংসদ সদস্যের সদস্যপদ চলে গেলে তা সময়মতো সংসদকে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরে ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। গত ৬ মে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং প্রতিদিন তাকে থেরাপি দেওয়া হচ্ছে।