সব সংবাদ
শিক্ষা

জামালপুরে নিখোঁজ দুই স্কুলছাত্রী, ৭ দিন পরেও খোঁজ মেলেনি

জামালপুরের বকশীগঞ্জে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়ে গেছে। গত ১৭ জুন বিকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি তারা। পরিবার থানায় অভিযোগ করেছে, পুলিশ তদন্ত করছে।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রাম থেকে গত সাত দিন ধরে দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। নিখোঁজরা হলো ১৪ বছরের আফসানা আক্তার এবং ১২ বছরের আশা মনি। আফসানা গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং আশা মনি স্থানীয় একটি নুরানি মাদ্রাসার ছাত্রী। তারা দুইজনই প্রতিবেশী এবং একই গ্রামে বসবাস করে। পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ জুন বিকাল পাঁচটার দিকে তারা বাড়ি থেকে বের হয়েছিল। এরপর আর তারা বাড়ি ফেরেনি। তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না পরিবারের সদস্যরা। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় আফসানার বাবা মো. আল আমিন বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এখন পর্যন্ত মেয়েদের কোনো খবর না পাওয়ায় দুই পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, এ বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে এবং নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।